সিডনি: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বসবাসরত জালালাবাদ তথা সিলেটবাসীর মিলনমেলা বসতে যাচ্ছে আগামী ৩১ মে। ওইদিন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ‘ঈদুল আযহা স্পেশাল পুনর্মিলনী’ অনুষ্ঠান। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে এবং প্রবাসের ব্যস্ত জীবনে কমিউনিটির মানুষের সঙ্গে প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এই বিশেষ আয়োজন করা হয়েছে। রিভারউডের রোটারি পার্কে ওইদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী এই উৎসব চলবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল প্রিয় মুখকে এক ছাদের নিচে এনে ভালোবাসা, স্মৃতি আর আনন্দে ভরপুর একটি সুন্দর সময় কাটানোই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আয়োজকরা আরও জানান, আমন্ত্রিত অতিথিরা চাইলে তাদের পছন্দের সুস্বাদু যেকোনো একটি খাবার (ডিশ) সঙ্গে নিয়ে আসতে পারেন, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম। আয়োজক কমিটির পক্ষ থেকে নিউ সাউথ ওয়েলসে বসবাসরত সকল জালালাবাদবাসীকে সপরিবারে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোটারি পার্ক ওইদিন ছোট এক টুকরো সিলেটে পরিণত হবে। যোগাযোগ: জাহেদুল হক চৌধুরী (সভাপতি): 0421 061 282, সুলতান মাহমুদ চৌধুরী (সাধারণ সম্পাদক): 0469 742 027 মোহাম্মদ শাহ আলম (আহ্বায়ক): 0410 861 504 Post navigation অস্ট্রেলিয়ান ফ্যাশন সপ্তাহে প্রতিভার নতুন ঢেউ সিডনিতে সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা