পারিবারিক মূল্যবোধ রক্ষা, মানবিকতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তারা বলেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিডনি : অস্ট্রেলিয়ার সিডনিতে ঘটে যাওয়া সাম্প্রতিক নির্মম পারিবারিক হত্যাকাণ্ডে নিহত দেশীয় প্রবাসীদের স্মরণে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে একত্রিত হয়েছিল সিডনির বাংলাদেশি কমিউনিটি। এক আবেগঘন পরিবেশে সেখানে আয়োজিত হয় মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা কর্মসূচি। শনিবার বিকেল ৫টায় ক্যাম্পবেলটাউনের ইঙ্গেলবার্ন লাইব্রেরি সংলগ্ন হ্যালিনন পার্কে এই শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রবাসীরা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। এরপর বিকেল সাড়ে ৫টায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। কায়সার আহমেদ, গনেশ ভৌমিক এবং ড. শাফিন আহমেদের সার্বিক সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অস্ট্রেলিয়ান ফেডারেল পার্লামেন্টের হিউজ এলাকার সদস্য ডেভিড মনক্রিফ। এছাড়া বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান অ্যাশ, ক্যামডেন কাউন্সিলর এলিজা আজাদ রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. সিরাজুল হক, সাবকিন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যামবেলটাউন এর সভাপতি পারভেজ খান, লেখক আরিফুর রহমান খাদেম, এবি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর মো. শফিকুল আলম, মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক আল নোমান শামীম, সাংবাদিক ড. নার্গিস বানু, লেবার ব্রাঞ্চ সেক্রেটারি গ্রেগ পোল্টার, সহকারী সেক্রেটারি কিশোয়ার আখতার কাকলি এবং বার্ডিয়া বাংলা স্কুলের সভাপতি অমি ফেরদৌসসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটিকে স্তব্ধ ও গভীরভাবে নাড়া দিয়েছে। পারিবারিক মূল্যবোধ রক্ষা, মানবিকতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তারা বলেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আয়োজকরা জানান, সংকটের এই কঠিন সময়ে পুরো কমিউনিটি একতাবদ্ধ। সহমর্মিতা, পারস্পরিক সৌহার্দ্য ও মানবতার আলো ছড়িয়ে তারা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ১৮ মে সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় এক বাংলাদেশি প্রবাসীর হাতে তাঁর স্ত্রী ও দুই সন্তানের নির্মম মৃত্যুর ঘটনা ঘটে। এই দুঃখজনক ঘটনাটি পুরো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক শোক ও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। Post navigation পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ