আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি আরবি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে জানা গেছে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটি নেতানিয়াহুর সপ্তম মার্কিন সফর। নতুন ট্রাম্প প্রশাসনে বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধান এতবার হোয়াইট হাউসে আমন্ত্রণ পাননি।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের মাটিতেই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, নেতানিয়াহুর এই ঘনঘন সফর ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিরই এক কৌশলগত অংশ, যা আইসিসির আন্তর্জাতিক আইনি কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলছে।



