মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো

বিশেষ প্রতিনিধি ৩ দিন আগে শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩৯৩৩ বার পঠিত

নতুন মেট্রো ব্যবস্থার সঙ্গে যাত্রীদের পরিচিত হওয়ার সুযোগ দিতে গোলাপি রঙের সাউথওয়েস্ট লিংক বাস ৩০ অক্টোবর এবং প্রথম সপ্তাহান্তেও চালু থাকবে। ২৬ অক্টোবর থেকে যাত্রীরা নিউ সাউথ ওয়েলসের পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে যাত্রাপথ ও সময়সূচির তথ্য দেখতে পারবেন।

অস্ট্রেলিয়ার সিডনিতে সাউথওয়েস্ট মেট্রো রেলপথে যাত্রী চলাচল শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর শুক্রবার ভোর ৪টা ৩১ মিনিটে। নিউ সাউথ ওয়েলসের সরকার জানিয়েছে, নতুন এই রেলপথ চালু হলে ব্যাংকসটাউন থেকে সিডনির কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা হয়ে উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত ৬৬ কিলোমিটার দীর্ঘ মেট্রো নেটওয়ার্কে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হবে।

নতুন মেট্রো চালু হলে ব্যাংকসটাউন, পাঞ্চবোল, উইলি পার্ক, লাকেম্বা, বেলমোর, ক্যাম্পসি, ক্যান্টারবেরি, হার্স্টভিল পার্ক, ডালউইচ হিল ও মারিকভিল এলাকার যাত্রীরা দ্রুত ও নিয়মিত রেলসেবা পাবেন। কর্মদিবসে ব্যস্ত সময়ে প্রতি চার মিনিট পরপর ট্রেন চলবে। দিনের অন্যান্য সময়ে পাঁচ মিনিট এবং সন্ধ্যা ও সাপ্তাহিক ছুটির দিনে ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

সরকারের তথ্য অনুযায়ী, নতুন মেট্রোতে পুরোনো টি৩ ব্যাংকসটাউন রেললাইনের তুলনায় যাত্রী পরিবহনের সক্ষমতা ৫০ শতাংশ বাড়বে। এতে সিডনির বিভিন্ন এলাকায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গন্তব্যে যাতায়াত সহজ হবে।

নতুন রেলপথ চালুর পর কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। ব্যাংকসটাউন থেকে সেন্ট্রাল স্টেশনে যেতে সময় লাগবে ২৮ মিনিট, আগের তুলনায় ছয় মিনিট কম। মারিকভিল থেকে গাদিগাল স্টেশনে যেতে লাগবে ১২ মিনিট, সময় বাঁচবে ১২ মিনিট।

ক্যাম্পসি থেকে ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে যেতে ৪৪ মিনিট লাগবে, যা আগের তুলনায় ১৭ মিনিট কম। লাকেম্বা থেকে ভিক্টোরিয়া ক্রস স্টেশনে যেতে সময় লাগবে ৩৭ মিনিট, সাশ্রয় হবে ২৪ মিনিট। ক্যান্টারবেরি থেকে চ্যাটসউডে পৌঁছাতে লাগবে ৩১ মিনিট, আগের তুলনায় ২৩ মিনিট কম। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর যাত্রীদের বাড়তি আগ্রহ বিবেচনায় ট্রেন চলবে প্রতি সাত মিনিট পরপর।

সিডনি মেট্রোর সমন্বিত এম১ নেটওয়ার্কে প্রতি সপ্তাহে চালকবিহীন দুই হাজার ৬০০টির বেশি ট্রেন চলাচল করবে। ব্যাংকসটাউন পর্যন্ত মেট্রো চালু হলে কর্মদিবসে সকাল ৮টা থেকে ৯টার ব্যস্ত সময়ে পুরো নেটওয়ার্কে প্রায় ৪৮ হাজার যাত্রা হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

নতুন মেট্রো প্রকল্পে রেল অবকাঠামো ও স্টেশনগুলোর আধুনিকায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্ল্যাটফর্মে নিরাপত্তাবেষ্টনী দরজা, নতুন লিফট, উন্নত যাত্রী তথ্যব্যবস্থা এবং নিরাপত্তা প্রযুক্তি। প্রতিবন্ধী ব্যক্তি, চলাচলে অসুবিধা রয়েছে এমন যাত্রী এবং শিশুদের ঠেলাগাড়ি নিয়ে ভ্রমণকারী পরিবারের জন্যও স্টেশনগুলোতে প্রবেশ ও চলাচলের সুবিধা বাড়ানো হয়েছে। উইলি পার্ক, ডালউইচ হিল, হার্স্টভিল পার্ক, পাঞ্চবোল ও ক্যান্টারবেরি স্টেশনে প্রথমবারের মতো লিফটের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে দুই বছরের বেশি সময় কাজ হয়েছে। এ সময়ে ৩০ হাজার কিলোমিটার পরীক্ষামূলক ট্রেন চলাচল এবং সময়সূচি অনুযায়ী ছয় হাজারের বেশি পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়েছে। প্রায় ১৩০ বছরের পুরোনো রেলপথ ও ঐতিহ্যবাহী স্টেশনগুলোকে আধুনিক মেট্রো ব্যবস্থায় রূপান্তর করা ছিল জটিল কাজ। বিশেষ করে পুরোনো স্টেশনগুলোর বাঁকানো প্ল্যাটফর্মের কারণে ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যবর্তী ফাঁকের তারতম্য সামলাতে বাড়তি সতর্কতা প্রয়োজন হয়েছে। স্বাধীন জাতীয় রেল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত নিরাপত্তা অনুমোদন পাওয়ার পর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

নতুন রেলসেবা চালুর প্রথম দিকে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি ট্রেনের ৩৬০টি দরজার মধ্যে ছয়টি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। যাত্রীদের সহায়তা দিতে সব স্টেশন ও ট্রেনে অতিরিক্ত কর্মী থাকবেন।

নতুন মেট্রো ব্যবস্থার সঙ্গে যাত্রীদের পরিচিত হওয়ার সুযোগ দিতে গোলাপি রঙের সাউথওয়েস্ট লিংক বাস ৩০ অক্টোবর এবং প্রথম সপ্তাহান্তেও চালু থাকবে। ২৬ অক্টোবর থেকে যাত্রীরা নিউ সাউথ ওয়েলসের পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে যাত্রাপথ ও সময়সূচির তথ্য দেখতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে ১ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকসটাউন ও ডালউইচ হিল মেট্রো স্টেশনে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস বলেন, নতুন মেট্রো দক্ষিণ-পশ্চিম সিডনির মানুষের জন্য বড় পরিবর্তন নিয়ে আসবে। ব্যস্ত সময়ে প্রতি চার মিনিটে ট্রেন চলাচল এবং ব্যাংকসটাউন থেকে সেন্ট্রাল স্টেশনে ২৮ মিনিটে পৌঁছানোর সুবিধা যাত্রীদের দৈনন্দিন যাতায়াত সহজ করবে।

পরিবহনমন্ত্রী জন গ্রাহাম বলেন, এত দিন বিকল্প বাসে যাতায়াত করা স্থানীয় বাসিন্দাদের ধৈর্যের জন্য সরকার কৃতজ্ঞ। পুরোনো রেলপথকে আধুনিক মেট্রোয় রূপান্তরের কাজ জটিল ছিল এবং নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এ ক্ষেত্রে বিস্তারিত পরীক্ষা চালিয়েছে।

সিডনি মেট্রোর প্রধান নির্বাহী ক্যামিলা ড্রোভার বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে এই রেলপথ সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীকে যুক্ত করেছে। নতুন মেট্রো সেই যোগাযোগব্যবস্থার পরবর্তী অধ্যায় শুরু করবে।

সূত্র: নিউ সাউথ ওয়েলস সরকার ও সিডনি মেট্রোর সরবরাহ করা বিবৃতি

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *