সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডা. দীপু মনি, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবুসহ ৯ জন বর্তমানে কারাগারে আছেন
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাকর্মকর্তা জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে প্রসিকিউটর জহিরুল আমিনের নেতৃত্বে এই আনুষ্ঠানিক অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজই এ সংক্রান্ত প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার প্রধান তথ্যসমূহ:
মোট আসামির সংখ্যা: ৪১ জন। (এর মধ্যে সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডা. দীপু মনি, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবুসহ ৯ জন বর্তমানে কারাগারে আছেন)।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা: তদন্ত সংস্থার প্রাথমিক প্রতিবেদনে ৫ মে-র সহিংসতায় চার জেলায় মোট ৫৮ জনের নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন।




