সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি, এনএসডব্লিউ (বিএমএস)-এর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে ‘কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) গ্লেনউড কমিউনিটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সিডনির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দুপুরে ডাঃ ফাহিমা সাত্তার-এর সাবলীল উপস্থাপনায় মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, এই সচেতনতামূলক আলোচনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে কমিউনিটির মধ্যে আরও গভীর উপলব্ধি তৈরি করবে। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিভিন্ন পথ সম্পর্কেও ধারণা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কমিউনিটি অ্যাওয়ারনেস সেশনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। বক্তব্য দেন নুদরাত লোহানী, সুহানি নিশা ও ডাঃ জেসি চৌধুরী। আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবার, মানসিক স্বাস্থ্য এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরা এসব বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। পরামর্শমূলক বক্তব্য দেন প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট ডাঃ শামা পারভীন। এনডিআইএস সাপোর্ট সার্ভিসের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ডাঃ হাবিব সিরাজী ও ডাঃ নাসরীন জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন কিরবে এম পি। আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের বিষয়ে সমাজকে আরও সচেতন ও সহনশীল হতে হবে।
অনুষ্ঠানে বিএমএসের প্রেসিডেন্ট ডাঃ মেহেদী ফারহান এবং জেনারেল সেক্রেটারি ডাঃ রোকেয়া ফকির কেয়া বক্তব্য রাখেন। তারা বলেন, কমিউনিটির মানুষের পারস্পরিক যোগাযোগ ও অংশগ্রহণের পাশাপাশি একটি মহৎ উদ্দেশ্যে সহায়তা সংগ্রহই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে কমিউনিটির সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।



