জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় চাপে থাকা অস্ট্রেলীয়দের কিছুটা আর্থিক স্বস্তি দিতে অবসরকালীন সঞ্চয়ের একটি অংশ আগাম ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির প্রস্তাব অনুযায়ী, ভাড়া বা গৃহঋণ পরিশোধ করছেন—এমন ব্যক্তিরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তাঁদের বাধ্যতামূলক অবসরকালীন সঞ্চয়ের একটি অংশ সরাসরি হাতে নেওয়ার সুযোগ পাবেন।প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তারা কর্মীর বেতনের ১২ শতাংশ হারে বাধ্যতামূলক অবসরকালীন সঞ্চয় জমা দেওয়া অব্যাহত রাখবেন।
তবে কর্মী চাইলে এর ৩ শতাংশ পর্যন্ত সরাসরি নিজের ব্যাংক হিসাবে নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ বাধ্যতামূলক ১২ শতাংশের এক-চতুর্থাংশ পর্যন্ত অর্থ অবসর সঞ্চয়ে না রেখে বর্তমান ব্যয় মেটাতে ব্যবহার করা যাবে। এই সুবিধা সর্বোচ্চ তিন বছর নেওয়া যাবে।ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন বলেছেন, জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া ও গৃহঋণের কিস্তির চাপে থাকা পরিবারগুলোর জন্য এই অর্থ তাৎক্ষণিক স্বস্তি দেবে।
দলের হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৯০ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার আয় করেন এমন একজন পূর্ণকালীন কর্মী এই ব্যবস্থায় কর পরিশোধের পর বছরে প্রায় ২ হাজার ৩০০ ডলার অতিরিক্ত হাতে পেতে পারেন। অর্থাৎ সপ্তাহে প্রায় ৪৪ ডলার বেশি পাওয়া যাবে।
একইভাবে, বছরে সম্মিলিতভাবে ১ লাখ ৬৮ হাজার ডলার আয় করা একটি কর্মজীবী দম্পতি কর পরিশোধের পর বছরে প্রায় ৪ হাজার ৩০০ ডলার বা সপ্তাহে প্রায় ৮২ ডলার অতিরিক্ত হাতে পেতে পারেন বলে জানিয়েছে ওয়ান নেশন। প্রস্তাবের আওতায় নেওয়া অর্থেও অবসরকালীন সঞ্চয়ের জন্য নির্ধারিত ১৫ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।তবে প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেছে ক্ষমতাসীন লেবার পার্টি। দেশটির কোষাধ্যক্ষ জিম চালমার্স বলেছেন, স্বল্পমেয়াদে কিছু অর্থ হাতে এলেও এর ফলে কর্মীদের অবসরকালীন সঞ্চয় দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
তাঁর মতে, অবসর সঞ্চয়ে অর্থ কম জমা পড়ার পাশাপাশি সেই অর্থের ওপর ভবিষ্যতে যে সুদ ও মুনাফা জমত, সেটিও হারাবেন কর্মীরা।অস্ট্রেলিয়ার সুপার সদস্য পরিষদের হিসাব আরও বড় ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, বছরে প্রায় ৯০ হাজার ৫০০ ডলার আয় করা ৩০ বছর বয়সী একজন কর্মী তিন বছর এই সুবিধা নিলে অবসরের সময় প্রায় ২৫ হাজার ডলার কম পেতে পারেন।
এর মধ্যে প্রায় ১৮ হাজার ডলার হবে ভবিষ্যতে জমতে থাকা চক্রবৃদ্ধি সুদের সম্ভাব্য ক্ষতি।ওয়ান নেশন অবশ্য বলছে, বর্তমান আর্থিক সংকটে মানুষকে ভবিষ্যতের অবসরকালীন সুবিধার জন্য অপেক্ষা করতে বলা বাস্তবসম্মত নয়। হ্যানসনের ভাষ্য, কোনো পরিবার যদি বাড়িভাড়া বা গৃহঋণ পরিশোধ করতে না পেরে বাড়ি হারানোর ঝুঁকিতে পড়ে, তাহলে সেই অর্থ ভবিষ্যতের পরিবর্তে এখন তাদের কাজে লাগানো উচিত।
প্রস্তাবটি এমন সময়ে সামনে এসেছে, যখন অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় ও আবাসন ব্যয় নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে এবং সাম্প্রতিক জনমত জরিপে ওয়ান নেশনের জনপ্রিয়তাও বেড়েছে। প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন অস্ট্রেলীয় ডলারের অবসরকালীন সঞ্চয় ব্যবস্থাকে ঘিরে এই প্রস্তাব দেশটির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।



