দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চারজন, সিলেটে দুজন, চট্টগ্রামে দুজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৫ জনে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ জন।
হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১৭৫, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৮১, ময়মনসিংহে ৭৯, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১ হাজার ১৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৯ জন, চট্টগ্রামে ৩১৩, সিলেটে ১৫৩, বরিশালে ১২৭, খুলনায় ৯৩, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ৩৬ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী এবং হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে দেশে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে কেবল হাসপাতালে আসা বা ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হচ্ছে।




