অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টে অনুষ্ঠিত সুপার নারী ২০২৬ কনক্লেভ -এ ‘গ্লোবাল লিডার ইন কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মানসিক স্বাস্থ্য ক্লিনিশিয়ান কামাল পাশা। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, এনএসডব্লিউ পার্লামেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তি, বহুসাংস্কৃতিক বা সিএএলডি জনগোষ্ঠী এবং বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজের কল্যাণে এক দশকেরও বেশি সময় ধরে অবদানের স্বীকৃতি হিসেবে কামাল পাশাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সংসদ সদস্য, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সারোনি রয় ফাউনডেশন এর প্রতিষ্ঠাতা সারোনি রয়-এর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসডব্লিউ পার্লামেন্টের সদস্য ডোনা ডেভিস এমপি, জুলিয়া ফিন এমপি, ওয়ারেন কারবি এমপি, লিন্ডা ভোল্টজ এমপি, মার্ক কুরি এমপি, চরিশমা কালিয়ানা এমপি, স্টিফেন বালি এমপি এবং জেসন লি এমপি প্রমুখ ।
কামাল পাশা ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ায় প্রতিবন্ধী সেবা খাতে কাজ করে আসছেন। বর্তমানে তিনি বিহেভিওর থেরাপি অ্যান্ড কেয়ার এর প্রধান নির্বাহী কর্মকর্তা, এবি স্ট্রিট লাইব্রেরি-এর প্রেসিডেন্ট, কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইঙ্ক (সিডিএনআই) এর অ্যাডভাইজার এবং ওয়ান ডোর মেন্টাল হেলথ এর ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধিত্ব বিষয়ে সচেতনতা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বহুধর্মীয় সংলাপ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সিডনির বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সংহতি গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত।
এ আয়োজনে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় উঠে আসে খেলাধুলায় নারীদের নানা প্রতিবন্ধকতা অতিক্রম, সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার অনুপ্রেরণাদায়ী নানা গল্প।
কমিউনিটি সেবা, সামাজিক অন্তর্ভুক্তি, মানসিক স্বাস্থ্য এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে কামাল পাশার এই আন্তর্জাতিক সম্মাননা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির জন্যও একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।




