অস্ট্রেলিয়ার ডারউইনে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থী মো. ইসফাকুর রহমান সিফাতকে (২৩) হত্যার মামলায় মূল আসামি ব্রেন্ডন কান্টিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নর্দার্ন টেরিটরি সুপ্রিম কোর্ট। রায়ে আসামিকে বাধ্যতামূলকভাবে অন্তত ২০ বছর (২০৪৩ সাল পর্যন্ত) কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা: ২০২৩ সালের ৩ মে ভোরে ডারউইনের মিলনার এলাকায় চুরির উদ্দেশ্যে সিফাতের বাসায় প্রবেশ করে কান্টিলা। পরে ফায়ার এক্সটিঙ্গুইশার সিলিন্ডার দিয়ে ঘুমন্ত সিফাতের মাথায় মারাত্মক আঘাত করা হয়। পরদিন ৪ মে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিফাত চার্লস ডারউইন ইউনিভার্সিটির স্নাতকোত্তরের মেধাবী শিক্ষার্থী ছিলেন।
বিচার ও রায়: ছয় দিনের বিচার প্রক্রিয়া শেষে জুরি অনিচ্ছাকৃত হত্যার দাবি খারিজ করে কান্টিলাকে সরাসরি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এই রায়ে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি স্বস্তি প্রকাশ করেছে এবং সিফাতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।




