অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামীকাল রোববার, ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সাধারণ সভা ও নির্বাচন ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও কমিউনিটির মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সংগঠনের আর্থিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. ওয়ালিউল ইসলাম। কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ড. সাবরিন ফারুকী ওএএম।
এবিজেএর সদস্যদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বাংলা গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ সভা ও নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছেন তাঁরা।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্ধারিত হবে। সূত্র: বিদেশ বাংলা




