ব্যবসায়ীদের ১০ বছরের জেল ও নতুন বিধানের প্রস্তাব
অতিরিক্ত কম দামে সিগারেট বিক্রি করাকেই এখন অবৈধ তামাক বিক্রির প্রত্যক্ষ প্রমাণ হিসেবে ধরে নিয়ে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে। অস্ট্রেলীয় সংসদে উত্থাপিত নতুন এক খসড়া আইনের আওতায় এ সংক্রান্ত কাস্টমস (শুল্ক) নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ তামাক জব্দ ও অভিযোগ গঠন করতে আরও বেশি কার্যকর ক্ষমতা দেবে।
পূর্ববর্তী শুল্ক আইন অনুযায়ী, কোনো সিগারেট বা তামাকজাত পণ্য জেনেশুনে বেআইনিভাবে আমদানি করা হয়েছে—এমন প্রমাণ নিশ্চিত করার পরই কেবল আইনি ব্যবস্থা নেওয়া যেত। তবে নতুন সংস্কার অনুযায়ী, সরকার নির্ধারিত শুল্ক এবং জিএসটি-এর সম্মিলিত মূল্যের চেয়ে কম দামে সিগারেট বিক্রি করা, ভিন্ন বা অননুমোদিত প্যাকেজিং ব্যবহার করা কিংবা দোকানে প্রদর্শন না করে লুকিয়ে রাখাই কর্তৃপক্ষের মামলা করার জন্য পর্যাপ্ত ভিত্তি হিসেবে গণ্য হবে।
সহকারী শুল্ক বিষয়ক মন্ত্রী জুলিয়ান হিলের এক মুখপাত্র জানান, অবৈধ তামাক বিক্রির দায়ে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে জুলিয়ান হিল বৃহস্পতিবার এবিসি রেডিওকে জানান, এই আপডেট বা যুগোপযোগী পরিবর্তনগুলো বর্ডার ফোর্সসহ রাজ্য ও টেরিটরিগুলোর পুলিশ বাহিনীকে অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বড় ধরনের হাতিয়ার হিসেবে সাহায্য করবে। তিনি বলেন, “এটি একটি বৈশ্বিক সমস্যা এবং অস্ট্রেলিয়াও এর বাইরে নয়। প্যাকেটে ১ ডলারের কম খরচে উৎপাদিত সস্তা তামাকের বিশাল উদ্বৃত্তকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ও সংগঠিত অপরাধী চক্রগুলো আমাদের সীমানা জুড়ে অবৈধ ব্যবসার বিস্তার ঘটাচ্ছে।”
সম্প্রতি ফেডারেল পার্লামেন্টে উত্থাপিত এই পদক্ষেপগুলোর পাশাপাশি, বিরোধী জোট অবৈধ সিগারেটের বাজার নিয়ন্ত্রণে তামাকের ওপর নির্ধারিত শুল্ক ৮০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। একই ধরনের সুর মিলিয়ে ‘ওয়ান নেশন’ পার্টিও শুল্ক ৭৫ শতাংশ কমানোর প্রস্তাব রেখে বলেছে, এতে অপরাধী চক্রগুলোর মোটা অঙ্কের মুনাফা করার সুযোগ বন্ধ হবে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এর আনুমানিক তথ্য অনুযায়ী, ২০১৭ সালে যেখানে অবৈধ তামাকের বাজার ছিল মাত্র ১২ শতাংশ, সেখানে ২০২৫ সালের মধ্যে তা লাফিয়ে দাঁড়িয়েছে মোট ব্যবহৃত তামাকের প্রায় ৮০ শতাংশে। অন্যদিকে, একই সময়ে সরকারি তামাক শুল্ক বৃদ্ধি পেয়ে প্রায় তিনগুণেরও বেশি হয়েছে।




