আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ফাঁসির আদেশের প্রতিবাদে এবং এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিডনি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও আবুল কালাম আজাদ।
আদালতের বৈধতা নিয়ে প্রধান অতিথির প্রশ্ন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সানজিদা খানম বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বর্তমান সময়ের এই আদালত ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
নেতাকর্মীদের ওপর নির্যাতন ও ১৫ বছরের উন্নয়নের চিত্র
প্রধান বক্তার বক্তব্যে ড. মো. সিরাজুল হক বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চলা দমন-পীড়ন ও নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অবৈধ আদালতের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে তারেক সরকার দলীয় সভানেত্রীর দেশে ফেরা বাঁধাগ্রস্ত করতে চায়। কিন্তু তা কখনও সম্ভব হবে না।
সমাবেশে অন্যান্য বক্তারা শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে ফিরে আসার ঘোষণার পেছনের বিভিন্ন দিক ও যৌক্তিকতা তুলে ধরে বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও ষড়যন্ত্রমূলক ফাঁসির রায় বাতিলের দাবি জানান।



