রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতা, যাঁদের মধ্যে দুজন পৌরসভার সাবেক মেয়র এবং একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
সোমবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
অভিযোগে পুলিশের ভাষ্য ”তিন নেতা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তাঁরা মোহাম্মদপুরের ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন।”




