ইরানে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে রোববারই ইরানে হামলা চালাতে পারে। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে ‘বড় ও চমৎকার’ সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটা করার কথা ভাবছি, হয়তো আগামীকালই।’ তবে সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি। বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি কী করতে যাচ্ছেন, তা আগেভাগে জানিয়ে দেবেন বলে কি তাঁরা মনে করেন?
ট্রাম্পের ভাষ্য, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারলে নতুন করে সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তবে তেহরান সেই সমঝোতা মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তাঁর প্রধান লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ওই অভিযান দীর্ঘস্থায়ী ফল নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না বলে মনে করেন ট্রাম্প। এ কারণে লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সঙ্গে সংঘাতের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ট্রাম্প। সামরিক অভিযান ও আলোচনার মাধ্যমে সমঝোতা—দুই পথই খোলা রেখেছেন তিনি। তাঁর ভাষায়, শেষ পর্যন্ত হয় তাঁকে পরিস্থিতির অবসান ঘটাতে হবে, নয়তো ইরানকে সমঝোতায় আসতে হবে। তবে যে পথেই পরিস্থিতি এগোক, জয় যুক্তরাষ্ট্রেরই হবে বলে দাবি করেন তিনি।




