নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) আদিবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য পারস্পরিক মেলবন্ধন, নতুন অভিজ্ঞতা বিনিময় এবং সরকারি ও বেসরকারি খাতের সাথে সংযোগ বাড়াতে এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ট্যামওয়ার্থের (গোমেরোই কান্ট্রি) মার্কারি হোটেলে ‘এনএসডাব্লিউ অ্যাবোরিজিনাল বিজনেস রাউন্ডটেবিল’ ও ‘গ্যাদার অ্যান্ড গ্রো’ শীর্ষক এই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, নতুন ব্যবসা শুরু, বিদ্যমান ব্যবসায়ের সম্প্রসারণ এবং সরকারি ও শিল্প খাতের প্রতিনিধিদের সাথে নতুন সুযোগ অনুসন্ধানের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনটি সম্পূর্ণ নিখরচায় আয়োজন করা হচ্ছে, যা মূলত আদিবাসী ব্যবসায়ী, স্বত্বাধিকারী এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, সম্মেলনটি ১০ সেপ্টেম্বর সকাল ৯:৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি আগ্রহীরা অনলাইনে লাইভস্ট্রিমের মাধ্যমেও অংশ নিতে পারবেন। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আদিবাসী ব্যবসায়িক পরিবেশ সুদৃঢ় করা এবং নতুন চিন্তাভাবনা বিনিময়ের এই প্ল্যাটফর্মে অংশ নিতে আগ্রহীদের আগাম নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।



