ডা. দীপু মনির সাময়িক প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হবে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা ডা. দীপু মনির সাময়িক প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হবে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করতেন। পারিবারিক জীবনে এ দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার স্বজন ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তৌফিক নেওয়াজ রাতে হাসপাতালে মারা গেছেন। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর শেষকৃত্য বা জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেতে বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বরাবর তার সাময়িক প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টিরও বেশি মামলা দায়ের হয়েছে।
কারাগারে বন্দি কোনো ব্যক্তির নির্দিষ্ট শর্তসাপেক্ষে স্বল্প সময়ের সাময়িক মুক্তিকে সাধারণত প্যারোল বলা হয়। ফরাসি শব্দ ‘প্যারোল’এর অর্থ প্রতিশ্রুতি। দেশের বিদ্যমান আইনে প্যারোলে মুক্তির বিষয়ে সুস্পষ্ট বিধানের পূর্ণ বিবরণ না থাকলেও বন্দীর ক্ষেত্রে জরুরি মানবিক প্রয়োজন দেখা দিলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোল মঞ্জুর করা হয়। সচরাচর বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান, শ্বশুর-শাশুড়ি কিংবা নিকটাত্মীয়ের মৃত্যুতে জানাজা বা শেষকৃত্যে অংশ নিতে সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য এই প্রশাসনিক মুক্তি কার্যকর করা হয়।



