অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো তারকা র্যাচেল এভরেন দীর্ঘদিনের প্রেমিক জশ কিলগোরকে বিয়ে করেছেন। গোল্ড কোস্টের কারুম্বিন ভ্যালি হিন্টারল্যান্ডের মনোরম পরিবেশে আউটডোর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৩ সেপ্টেম্বর তাদের বিয়ে সম্পন্ন হয়।
২৬ বছর বয়সী র্যাচেল এভরেন ‘লাভ আইল্যান্ড অস্ট্রেলিয়া’র তৃতীয় মৌসুমের প্রতিযোগী হিসেবে পরিচিতি পান। সম্প্রতি তিনি ‘দ্য ট্রেইটর্স অস্ট্রেলিয়া’র তৃতীয় মৌসুমেও অংশ নেন।
গত বৃহস্পতিবার গোল্ড কোস্টের কারুম্বিন ভ্যালিতে অবস্থিত দ্য ভ্যালি এস্টেটে বসে তাদের বিয়ের আসর। সেখানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জশ কিলগোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন র্যাচেল।
বিয়ের ছবিতে সাদা গাউনে দেখা যায় র্যাচেলকে। গাউনটিতে ছিল ঝলমলে করসেট ও ফুলের নকশা। বিয়ের মঞ্চে জশের সঙ্গে চুম্বনরত ছবিও প্রকাশ করেছেন তিনি। জশ কিলগোর ব্রিসবেনভিত্তিক একজন প্রোডাক্ট ডিজাইনার।
বিয়ের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে র্যাচেল লিখেছেন, সবচেয়ে নিখুঁত পুরুষকে বিয়ে করার জন্য তিনি সবচেয়ে নিখুঁত পোশাকটি বেছে নিয়েছেন। একই সঙ্গে দিনটিকে ভালোবাসায় পূর্ণ এবং জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বিয়ের অন্যান্য ছবিতে দেখা গেছে ব্রাইডাল পার্টি, খাবারের আয়োজন ও বিয়ের কেক। বিয়ের আগের দিনও জশের সঙ্গে সৌন্দর্যচর্চা ও কেনাকাটায় সময় কাটানোর কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেন র্যাচেল।
র্যাচেলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ‘দ্য ট্রেইটর্স’-এর সহশিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান। ‘বিগ ব্রাদার’ তারকা টালি স্মাইথ উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অব সিডনি’র ক্রিসি মার্শ র্যাচেলের জন্য আজীবন সুখ কামনা করেন।
‘দ্য ট্রেইটর্স’ ও ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট’-এর সাবেক প্রতিযোগী ক্যাম মার্চেন্টও নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ‘সারভাইভার’-এর সাবেক প্রতিযোগী এবং ‘দ্য ট্রেইটর্স’-এর বর্তমান প্রতিযোগী কিরবি বেন্টলিও তাদের শুভেচ্ছা জানান।
সম্প্রতি ‘দ্য ট্রেইটর্স অস্ট্রেলিয়া’র তৃতীয় মৌসুম থেকে বাদ পড়েন র্যাচেল। গত মাসে শুরু হওয়া এই মৌসুমের উপস্থাপনায় রয়েছেন গ্রেটেল কিলিন। র্যাচেলের সঙ্গে এই মৌসুমে ‘দ্য ব্যাচেলর’-এর অ্যালেক্স নেশন এবং ‘মাস্টারশেফ’-এর অ্যালভিন কুয়াহসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ অংশ নিয়েছেন।
এর আগে ২০২১ সালে ‘লাভ আইল্যান্ড অস্ট্রেলিয়া’র তৃতীয় মৌসুমে অংশ নিয়ে আলোচনায় আসেন র্যাচেল। ওই অনুষ্ঠানে ক্রিস গ্রাউডিন্সের সঙ্গে তার সম্পর্ক তৈরি হলেও মাত্র ১০ দিন পর তাকে ভিলা থেকে বাদ দেওয়া হয়।



