অস্ট্রেলিয়ার সিডনিতে একই ফ্রেমে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। দুই তারকার হাসিমুখের ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
তবে এটি কোনো বিশেষ অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না। পারিবারিক একটি বারবিকিউ পার্টিতে অংশ নিতে গিয়ে তাদের দেখা হয়। সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে তাসকিন আহমেদ ও তার পরিবারও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের সঙ্গে সেখানেই অবস্থান করছেন তিনি। ওই পারিবারিক আয়োজনেই তাসকিন ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় তাসকিন আহমেদ ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে সময় কাটিয়েছেন তিনি। এ সময় তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদও জানান তিনি।
তাসকিনের ক্রিকেটীয় অবদানের প্রশংসা করে শাবনূর তাকে দেশের গর্ব এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।
দুই ভিন্ন অঙ্গনের জনপ্রিয় এই দুই তারকাকে একই ফ্রেমে দেখার পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। তবে তাদের এই সাক্ষাতের পেছনে ছিল নিছকই পারিবারিক আয়োজন ও সৌজন্য সাক্ষাৎ।



