বইপ্রেমী, সংগ্রাহক ও সস্তায় বই সংগ্রাহকদের জন্য দারুণ খবর। আগামী ৯ অক্টোবর শুক্রবার থেকে ১১ অক্টোবর রোববার পর্যন্ত ক্যাসেল হিলের ওকহিল কলেজে ফিরছে বহুল প্রতীক্ষিত ‘ক্যাসেল হিল বুক ফেয়ার ২০২৬’। ‘লাইফলাইন হারবার টু হক্সবেরি সিডনি’-র স্বেচ্ছাসেবকদের উদ্যোগে ৩ দিনব্যাপী এই মেলা ওকহিল কলেজের বেনিল্ডাস হলে আয়োজিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বুক ফেয়ার চলবে।
এবারের মেলায় ৫০টিরও বেশি ক্যাটাগরিতে ৭০ হাজারেরও বেশি মানসম্মত ব্যবহৃত বই বিক্রির জন্য রাখা হবে। কথাসাহিত্য ছাড়াও ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, ভ্রমণ, রান্না, বাগানচর্চা, শিশু ও কিশোর সাহিত্য, সামরিক, সঙ্গীত ও পাঠ্যবইসহ নানা বিষয়ের বইয়ের এক সুবিশাল সংগ্রহ থাকবে এখানে। বইয়ের পাশাপাশি সিডি, ডিভিডি, ভিনাইল রেকর্ড এবং জিগস পাজলও কেনাকাটার সুযোগ থাকবে।
ক্যাসেল হিল বুক ফেয়ারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৪০টি দুর্লভ বইয়ের সংগ্রহ। যার মধ্যে রয়েছে উইলিয়াম অসলারের ১৮৯৫ সালের ঐতিহাসিক বই ‘দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিন’ (দ্বিতীয় সংস্করণ)। গুস্তাভ ডোরে ও অন্যান্য শিল্পীদের ২০০টি অলঙ্করণে চিত্রিত ভ্রমণ ও দুঃসাহসিক অভিযানের বই ‘ওয়ান্ডারিংস ইন এভরি ক্লাইম’, ১৯১৬ সালের ২৫ এপ্রিল প্রকাশিত ঐতিহাসিক ‘এন.এস.ডব্লিউ. অ্যানজাক মেমোরিয়াল’। এলভিস প্রিসলির ১৯৬৭ সালের বিরল রেডিও প্রচারণামূলক ‘আরসিএ ভিক্টর’ এলপি রেকর্ড। ১৯৯০ সালের ৪৩৫টি রঙিন প্লেট সমৃদ্ধ বিশেষ ‘অডুবনস বার্ডস অব আমেরিকা’ সংস্করণ।
মেলায় অর্জিত অর্থ ‘লাইফলাইন হারবার টু হক্সবেরি সিডনি’-র সংকট মোকাবিলা ও আত্মহত্যা প্রতিরোধমূলক সেবাকাজে ব্যয় করা হবে। ফলে মেলা থেকে অর্জিত প্রতিটি কেনাকাটাই স্থানীয় জনগোষ্ঠীর জীবন রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।




