বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিডনির একটি অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচির উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও হুইপ এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম।
আলোচনাসভায় বক্তারা শহীদ শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মাত্র ১০ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘাতকদের নির্মম বুলেটের শিকার হতে হয়েছিল এই নিষ্পাপ শিশুকে। ঘাতকেরা সেদিন তাকে হত্যা করার মাধ্যমে বিশ্ব ইতিহাসের এক জঘন্যতম অপরাধ সংঘটিত করেছিল। প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্মের কাছে শেখ রাসেলের স্মৃতি ও আদর্শকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ড. মো. সিরাজুল হক বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন,বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীাতর আশ্রয় নিয়ে আওয়ামী লীগকে ধংশ করতে চাইছে। কিন্তু তাদের এই আশা পূরণ হবে না। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে ১৫ আগস্টের শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয় । পরে কেক কেটে জন্মদিনটি উদযাপন করা হয়।




