দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। চলতি বছরের মধ্যে অক্টোবরেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৩২৮ জন। এর আগে সেপ্টেম্বরে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২০১ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন ৬০৫ জন।
এ ছাড়া বরিশালে ২১১, চট্টগ্রামে ২১৭, খুলনায় ২৯৭, ময়মনসিংহে ১৫৫, রাজশাহীতে ১৭৪, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৬৮ জন।
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর রোগটিতে মারা যান ১ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজারের বেশি মানুষ।




