দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী সামানজার সাঈদ। মিস ওয়ার্ল্ড ২০২৬-এর প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার (৮ আগস্ট) ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
রোববার (৯ আগস্ট) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক আয়োজন। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন পর্ব শেষে আগামী ৫ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন সামানজার।
নিজের এই আন্তর্জাতিক যাত্রাকে জীবনের বড় একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি। সামানজার বলেন, ছোটবেলা থেকেই টেলিভিশনে সুন্দরী প্রতিযোগিতা দেখতেন। একদিন নিজেই এমন একটি আন্তর্জাতিক আয়োজনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, তা তখন ভাবেননি। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সেরাটা তুলে ধরে দেশের জন্য গর্বের কারণ হতে চান তিনি।
ঢাকায় বেড়ে ওঠা সামানজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষে নতুন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রথমবার অংশ নিয়েই বিচারকদের নজর কেড়ে বিজয়ীর মুকুট অর্জন করেন।
আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে গত কয়েক মাস ধরে ব্যক্তিত্ব বিকাশ, জনসমক্ষে উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন সামানজার। তাঁর মতে, মিস ওয়ার্ল্ড শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এখানে একজন নারীর আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ। শিল্প-সংস্কৃতির সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সামানজারের। চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অবসরে গান শোনা, নাচ, খেলাধুলা ও চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। ভবিষ্যতে ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে অভিনয়েও কাজ করতে চান তিনি। দেশের প্রতিনিধিত্বের এই সুযোগকে সামনে রেখে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার অপেক্ষায় সামানজার সাঈদ।



