মদ্যপ অবস্থায় বিমান চুরি করে উড়াল দেওয়ার পর হাঙ্গেরির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ায় ২৪ বছর বয়সী এক যুবককে ঘিরে তৈরি হয় বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ। পরিস্থিতি মোকাবিলায় সামরিক রাডারে বিমানটির অবস্থান শনাক্ত হওয়ার পর দুটি যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়।ঘটনাটি ঘটে শনিবার সকালে হাঙ্গেরির কালোচা বিমানবন্দরে। পুলিশ জানিয়েছে, ওই যুবক মাটির সঙ্গে বিমানটি আটকে রাখা দড়ি খুলে একটি সেসনা ১৭২ বিমানে উঠে পড়েন। পরে বিমানবন্দরের একটি সার্ভিস সড়ক ব্যবহার করে উড্ডয়ন করেন তিনি।উড্ডয়নের পর বিমানটি পাকস শহরের দিকে যাচ্ছিল। ওই এলাকাতেই হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
বিষয়টি সামরিক বাহিনীর নজরে এলে রাডারে বিমানটির গতিবিধি শনাক্ত করা হয় এবং প্রস্তুত রাখা দুটি যুদ্ধবিমানকে দ্রুত উড্ডয়নের নির্দেশ দেওয়া হয়।পরে সেসনা বিমানটি গেরজেন এলাকার কাছে একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে। সেখানে পৌঁছে যুদ্ধবিমানগুলো ক্ষতিগ্রস্ত বিমানটির অবস্থান শনাক্ত করে এবং উদ্ধারকারী দল না আসা পর্যন্ত আকাশে অবস্থান করে।জরুরি অবতরণের সময় ওই যুবক সামান্য আহত হন। এরপর তিনি ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে কাছের একটি সড়কে যান। সেখানে একটি গাড়িচালকের কাছে সাহায্য চান। কিন্তু কিছুক্ষণ পর ওই গাড়িটি নেওয়ারও চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।গাড়িচালক তাকে গাড়ি নিয়ে চলে যেতে বাধা দেন। পরে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই কাছাকাছি এলাকা থেকে ওই যুবককে আটক করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। তিনি অন্য কোনো মাদক গ্রহণ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান চুরির ঘটনা ও এর সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



