মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
রোববার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আব্দুল মান্নানের আইনজীবী আল ইমরান মুকুল জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। তবে শুনানির সময় আব্দুল মান্নানকে এজলাসে হাজির করা হয়নি।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন।




